সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নিখোঁজের পরদিন মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে নিরাপত্তা প্রহরী জামিল হোসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন হঠাৎ নিখোঁজ হন। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরস্থ জালালাবাদ ওষুধ কোম্পানির পেছনের একটি ভাঙারি গোডাউনের ডোবায় একটি রহস্যজনক বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে। পরবর্তীতে বস্তার মুখ খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহের সন্ধান মেলে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল (জেলা) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে পরবর্তীতে নারায়ণগঞ্জের খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রকৃত ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে৷ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন