সোনারগাঁয়ে কার্ডধারী সাংবাদিকদের দৌরাত্ম্য, সুষ্ঠু সাংবাদিকতার আহ্বানে প্রশাসনের হস্তক্ষেপ দাবী! - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সোনারগাঁয়ে কার্ডধারী সাংবাদিকদের দৌরাত্ম্য, সুষ্ঠু সাংবাদিকতার আহ্বানে প্রশাসনের হস্তক্ষেপ দাবী!


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁ উপজেলায় ইদানীং তথাকথিত অপ-সাংবাদিকতা ও অপেশাদার সংবাদকর্মীদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। নামে-বেনামে গজিয়ে ওঠা অনলাইন পোর্টাল, আন্ডারগ্রাউন্ড পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে পুঁজি করে একশ্রেণির সুযোগ সন্ধানী ব্যক্তি সাধারণ মানুষকে হয়রানি ও ব্ল্যাকমেইল করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


স্থানীয় সূত্রে জানা যায়, কিছু ব্যক্তি গলায় আইডি কার্ড ঝুলিয়ে কিংবা হাতে কথিত টিভি চ্যানেল বা পত্রিকার লোগো সম্বলিত বুম নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে নিজেদের সাংবাদিক পরিচয় দিচ্ছেন। এ সুযোগে তারা সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তিদের লক্ষ্য করে নানা ধরনের হয়রানি ও অপ-সাংবাদিকতায় জড়িয়ে পড়ছেন। অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ব্ল্যাকমেইলিং করে অর্থ আদায় করাই তাদের মূল উদ্দেশ্য।


এছাড়া দেখা গেছে, এসব নামধারী সাংবাদিকরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নামে-বেনামে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নাম ব্যবহার করে একটি চক্র গড়ে তুলেছেন। পরে দলবদ্ধ হয়ে তারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করেন। দাবি পূরণ না হলে প্রশাসনের কাছে অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার অথবা কথিত অনলাইন পত্রিকায় মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার অভিযোগও রয়েছে।


স্থানীয়রা আরও জানান, অপ-সাংবাদিকতার আরেকটি বড় মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে ফেসবুক। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত ফেসবুক আইডি বা বেনামি পেজ থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পোস্ট দিয়ে তাদের ভয়ভীতি দেখানো হয়। পরে ভুক্তভোগী যোগাযোগ করলে অর্থ আদায়ের মাধ্যমে সেই পোস্ট মুছে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে।


এমনকি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়েও বিরূপ মন্তব্য করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব নামধারী সাংবাদিকদের অনেকেরই প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, প্রাতিষ্ঠানিক দক্ষতা কিংবা সাংবাদিকতা বিষয়ে কোনো প্রশিক্ষণ নেই। অর্থের বিনিময়ে বিভিন্ন অনলাইন বা পত্রিকার কার্ড সংগ্রহ করে তারা সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন।


এ পরিস্থিতিতে সোনারগাঁয়ের সর্বসাধারণ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের সমন্বয়ে প্রকৃত ও মূলধারার সাংবাদিকদের একটি তালিকা তৈরি করে প্রজ্ঞাপন জারি করা হোক। একই সঙ্গে অপ-সাংবাদিকতা বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


স্থানীয়রা মনে করেন, এ ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে সোনারগাঁয়ে সুষ্ঠু সাংবাদিকতার পরিবেশ তৈরি হবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকার পাশাপাশি অপরাধ প্রবণতাও কমে আসবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages