সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজারে সরকারি খাস জমি দখল, প্রায় চার দশকের পুরোনো সরকারি গাছ কাটা এবং সরকারি রাস্তা ভেঙে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছে বারদী বাজার পরিচালনা কমিটি। অভিযোগ পাওয়ার পর স্থানীয় ভূমি অফিস ঘটনাস্থলে গিয়ে আপাতত নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু এবং তার সহযোগী বারদী ইউনিয়ন যুবলীগের সহ-শ্রম বিষয়ক সম্পাদক ওসমানের নেতৃত্বে একটি পক্ষ বারদী মৌজার আরএস ৬ ও ৭ নম্বর দাগের সরকারি খাস জমি দখলের চেষ্টা করছে। অভিযোগ অনুযায়ী, ওই জায়গায় থাকা প্রায় ৪০ বছরের পুরোনো একটি সরকারি গাছ কেটে ফেলা হয়েছে এবং সরকারি রাস্তা ভেঙে জোরপূর্বক দখল করে অবৈধ ঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছিল।
ঘটনা প্রসঙ্গে বারদী বাজার পরিচালনা কমিটির সদস্য আব্দুল হালিম জানান, বাজারের এই খাস জমি ও গাছগুলো দীর্ঘদিন ধরেই সরকারি সম্পত্তি হিসেবে পরিচিত। কোনো ধরনের অনুমোদন ছাড়াই হঠাৎ সরকারি গাছ কেটে ফেলা হয়েছে এবং রাস্তা ভেঙে অবৈধভাবে ঘর তোলার কাজ শুরু করা হয়েছে। বাজারের ব্যবসায়ী ও পরিচালনা কমিটির পক্ষ থেকে দ্রুত তদন্ত সাপেক্ষে জায়গাটি দখলমুক্ত করার দাবি জানান তিনি।
কমিটির আরেক সদস্য মো. বিল্লাল বলেন, সরকারি রাস্তা ভেঙে আবুল কাশেম বাবু ও তার লোকজন জোরপূর্বক পুরোনো গাছ কেটে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করছেন। এভাবে দখল চলতে থাকলে বাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হবে। তাই দ্রুত সরেজমিনে তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওর কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান তিনি।
তবে দখল ও অবৈধ নির্মাণের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু বলেন, এ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের। বাজার কমিটি সরকারি জায়গা দাবি করে অভিযোগ দিয়ে আজ আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। ভূমি অফিসের নায়েব কাগজপত্র চেয়েছেন, শীঘ্রই আমরা তা দিয়ে দেব।
ঘটনাস্থল পরিদর্শন ও নির্মাণকাজ বন্ধের বিষয়ে বারদী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. রহমতুল্লাহ বলেন, বাজার কমিটির অভিযোগ পেয়ে আমরা সরেজমিনে গিয়ে প্রাথমিক সত্যতা পেয়ে আপাতত নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার জন্য তাদের তলব করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, বিষয়টি মৌখিকভাবে জেনেছি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তবে এখনো হার্ড কপি হাতে পাইনি। তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন