সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে আবাসিক ভবনে গ্যাসের কম্প্রেসার লাইন বিস্ফোরণের ঘটনায় চার দিন চিকিৎসাধীন থাকার পর দগ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, শরিফ হোসেন (৩৪) এবং তার স্ত্রী রোজিনা আক্তার (৩০)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরিফের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। তারা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় রোজিনা আক্তার এবং এর কিছু সময় পর ভোর ৪টায় তার স্বামী শরিফ হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ঘটনায় দগ্ধ অন্য দুজন নিহতের শ্যালক রিয়াজ (৪০%) ও ভবনের তত্ত্বাবধায়ক রনি মিয়া (৭০%) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানান চিকিৎসক।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ৬ তলা ভবন ইসলাম টাওয়ার-এর দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাসের গতি বৃদ্ধির জন্য ব্যবহৃত কম্প্রেসার লাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কক্ষটিতে থাকা শরিফ, রোজিনা, রিয়াজ ও রনি দগ্ধ হন। পরে উদ্ধার করে তাদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন