সোনারগাঁয়ে পরিবেশ ধ্বংসকারী ৫৬টি অবৈধ চুনকারখানা বন্ধের দাবিতে মানববন্ধন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সোনারগাঁয়ে পরিবেশ ধ্বংসকারী ৫৬টি অবৈধ চুনকারখানা বন্ধের দাবিতে মানববন্ধন


 


সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫৬টি চুনা ও ঢালাই কারখানা অবিলম্বে বন্ধ এবং পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডের পেছনে জড়িত প্রভাবশালী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ‘পরিবেশ রক্ষা আন্দোলন’।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সোনারগাঁও উপজেলার উদ্ববগঞ্জ এলাকার সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোকাররম মামুনের সঞ্চালনায় এবং সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে এতে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।


​মানববন্ধনে সভাপতির বক্তব্যে কবি রহমান মুজিব বলেন, ইতিহাসের ঐতিহ্যবাহী ও প্রাকৃতিকভাবে শান্ত-মনোরম সোনারগাঁও আজ পরিবেশগত সংকটের মুখে। অবৈধ চুনা ও ঢালাই কারখানার বিষাক্ত কার্বনে এখানকার আবহাওয়া ও স্বাভাবিক জীবনযাত্রা বিষাক্ত হয়ে উঠেছে।


​কর্মসূচিতে সূবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সুজন (সুশাসনের জন্য নাগরিক) সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোয়াজ্জেনুল হক, যুগ্ম সম্পাদক মোফাখখার সাগর, কার্যনির্বাহী সদস্য রোকেয়া আক্তার ও শিপন চৌধুরী।


​বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, এসব অবৈধ কারখানার কারণে উপজেলার আশপাশের শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত শ্বাসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন জটিল ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। মারাত্মক হুমকির মুখে পড়েছে স্থানীয় জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ। ​সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, কারখানার সাথে জড়িত প্রভাবশালী ও মদদদাতাদের নাম প্রকাশ্যে আসার পরও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। 


বক্তাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাশাসনের অসাধু কর্মকর্তা, তিতাস গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মচারী এবং বিশেষ কিছু পেশার নামধারী ব্যক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছেন।


​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক কর্মী রাশেদ এহসান, রমিম, সাংবাদিক খায়রুল ইসলাম খোকন, ইমরান হোসেন, ডালিম হোসাইন ও বিরুধ আলীসহ সংগঠনের স্থানীয় সদস্যরা।


​মানববন্ধন থেকে বক্তারা পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর স্বার্থে অবৈধ চুনা কারখানা, শেল্টারদাতা রাজনৈতিক চক্র ও তিতাসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages