সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পশু খাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।
তিনি জানান, মোগরাপাড়া চৌরাস্তা বাজারের আফনান ট্রেডার্স পশু খাদ্য বিক্রয়ের কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেনি। ফলে মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪(২০) ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বার্থে এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম, সহকারী কমিশনারের পেশকার মো. বায়েজিদ এবং সোনারগাঁ থানার এসআই হারুনসহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন