সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানববন্ধন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানববন্ধন


 



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘আল-মানার ঈদগাহ’-এর ৩৬ শতাংশ জমি অবৈধ দখল, লিজ ও নানামুখী চক্রান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের আগ্রাসন থেকে পবিত্র এই স্থানটি রক্ষা এবং সরকারিভাবে স্থায়ী বন্দোবস্তের দাবিতে ১২টি গ্রামের হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


​শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর, আনন্দবাজার, মোবারকপুর, দক্ষিণ খংসারদী, টেঙ্গারচর, উত্তর খংসারদী, বসনদরদী, মোল্লাবাড়ী, নগরপুর ও খংসারণীসহ আশপাশের এলাকা থেকে সাধারণ মুসল্লি ও সর্বস্তরের জনগণ এসে এই বিশাল মানববন্ধনে অংশ নেন।


​মানববন্ধনে উপস্থিত বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী স্থানটিতে আশেপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মুসল্লি অত্যন্ত সুনামের সাথে ঈদের নামাজ আদায় করে আসছেন। অথচ হঠাৎ করেই একটি প্রভাবশালী ও অসৎ চক্র স্থানটির ওপর কুদৃষ্টি দিয়েছে এবং জমিটি দখলের গভীর পাঁয়তারা চালাচ্ছে।


ঈদগাহ কমিটির সহ-সভাপতি মোতালেব প্রধান ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে জায়গাটি সাত্তার সাহেব ভোগদখলে রাখতেন। পরবর্তীতে আমাদের দাবির মুখে তিনি লিজ নেওয়া বন্ধ করেন। নিচু ও গর্তযুক্ত জমিটি উপযোগী করতে আমরা স্থানীয়রা প্রায় ১২ লাখ টাকা খরচ করে বালু ভরাট করি। জমিটি ব্যবহারের উপযোগী হওয়ার পর একটি বহিরাগত চক্র গোপনে লিজ নেওয়ার দরখাস্ত শুরু করেছে। স্থানীয় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মহোদয়ের মৌখিক অনুমতি ও দিকনির্দেশনায় আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছি। ইতোমধ্যে ভূমি অফিসের কানুনগো ও নায়েব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা সরকারের কাছে এর স্থায়ী সমাধান চাই।


​জনপ্রতিনিধি ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, এখানে কোনো ব্যক্তিস্বার্থ নেই, রয়েছে দশের ও ইসলামের স্বার্থ। ১২টি গ্রামের মানুষের ধর্মীয় আবেগ ও প্রাণের দাবি রক্ষায় সোনারগাঁ উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।


​স্থানীয় বাসিন্দা আউলাদ মিয়া জানান, ১০-১২টি সমাজের মানুষ যেন ভবিষ্যতে কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য জমিটি ঈদগাহের নামে স্থায়ী বন্দোবস্ত করে দেওয়ার তার স্থায়ী সমাধান চাই।


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ঈদগার সভাপতি হাজী আফতাব উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মোতালেব প্রধান, ক্যাশিয়ার গাজী মোস্তফা, যুগ্ম সম্পাদক গাজী আনিসুল, সহ-সভাপতি গাজী শামসু, ৭ নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল। এছাড়া নূরে ইয়াসিন নোবেল, আউলাদ হোসেন, আক্তার মোল্লা, মালেক, গাজী, খাইরুল, কাশেম আলী, লেয়াকত আলী ও মাওলানা হাফেজ উসমানসহ ১২টি গ্রামের শত শত সাধারণ মানুষ ও তরুণ সমাজ উপস্থিত ছিলেন।


​সমাবেশ শেষে এলাকাবাসী অবিলম্বে ঈদগাহের ৩৬ শতাংশ জমি অন্য কারও নামে লিজ বা বরাদ্দ দেওয়ার সকল চক্রান্ত বন্ধ করে, তা আল-মানার ঈদগাহের নামে স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages