সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ক্রীড়া কার্যক্রমকে আরো গতিশীল, সুশৃঙ্খল ও আধুনিক করার লক্ষ্যে ৭ সদস্যবিশিষ্ট নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনার আলোকে ও জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী সোমবার (৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত আহ্বায়ক এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজীব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াবিদ আল মাহমুদ সানি।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের গত ১০ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার প্রেক্ষিতে উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে গতিশীল, সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এ এডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটি স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ ঘটাতে কাজ করবে
নতুন কমিটি গঠনের খবরে সোনারগাঁয়ের ক্রীড়াঙ্গন ও স্থানীয় ক্রীড়ামোদী মানুষের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নতুন কমিটির বিষয়ে আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, সোনারগাঁয়ের খেলাধুলার একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাসহ সব ধরনের ক্রীড়া চর্চা বাড়াতে এই কমিটি কাজ করবে। এ জন্য তিনি স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংস্থার সদস্য সচিব খাইরুল ইসলাম সজীব বলেন, সোনারগাঁয়ের ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করাই আমাদের প্রধান লক্ষ্য। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ইতিমধ্যেই সোনারগাঁয়ে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন। তাঁর সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের দিকনির্দেশনায় আমরা নিরপেক্ষভাবে উদীয়মান খেলোয়াড়দের মূল্যায়নে কাজ করব। কোনো দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন