সোনারগাঁয়ে চুরি হওয়া  ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার, চালক গ্রেফতার - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১১ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে চুরি হওয়া  ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার, চালক গ্রেফতার




সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করার পাশাপাশি অভিযুক্ত ট্রাকচালক মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এবং রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তেল উদ্ধার ও চালককে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল।


​পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশে ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল পাঠানো হয়। সিলেট-ট ১১-০৬৫৮ নম্বরের একটি ট্রাকে পাঠানো এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২৫ লাখ টাকা। তবে নির্ধারিত গন্তব্যে পণ্য না পৌঁছে দিয়ে ট্রাকচালক আল আমিন গাজী ট্রাকসহ উধাও হয়ে যান। 


এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।


​মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ দল তদন্তে নামে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে প্রথমে আল আমিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎকৃত ৭১৬ কার্টন সয়াবিন তেল এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করে পুলিশ।


​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ শনিবার (১১ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে। বিপুল পরিমাণ এই তেল আত্মসাতের পেছনে বড় কোনো চক্র বা আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages