সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : অবৈধ কারখানার বিরুদ্ধে আর কোনো লোক দেখানো অভিযান মেনে নেওয়া হবে না বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে কড়া বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উচ্ছেদের পর রাতে পুনরায় গ্যাস সংযোগের এই লুকোচুরি খেলা বন্ধ না হলে এবার সরাসরি তিতাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হবে। কারণ তারাই উচ্ছেদের পর রাতে পুনরায় গ্যাস সংযোগ দিয়ে থাকেন।
বুধবার (২২ জুলাই) সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে এমপি মান্নান বলেন, কাঁচপুর ব্রিজের পর যেখানে সেখানে গাড়ি পার্কিং ও মোগরাপাড়া চৌরাস্তায় তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। হাইওয়ে পুলিশ দায়িত্ব সঠিকভাবে পালন না করলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
তবে থানা পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসা করে তিনি জানান, সাম্প্রতিক সময়ে বেশ কিছু ডাকাত, খুনি গ্রেপ্তার ও মাদক নিয়ন্ত্রণে তাদের ভূমিকা প্রশংসনীয়। অপরাধ দমনে কোনো আপস করা হবে না উল্লেখ করে তিনি বলেন, "অপরাধী যদি আমার নিজের আত্মীয়ও হয়, তাকেও ছাড় দেওয়া হবে না।"
মাসিক আইনশৃঙ্খলা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন