সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সোনারগাঁ উপজেলা খেলাঘর। মানববন্ধনে খেলাঘরের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
খেলাঘরের সংগঠক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খেলাঘরের সাধারণ সম্পাদক রাজা রহমান, শিশু সাহিত্যিক ও সিসিমপুরের সাবেক কান্ট্রি ডিরেক্টর শাহ আলম, খেলাঘরের সদস্য কাজী নাজমুল ইসলাম লিটু, উপজেলা উদীচী সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক রবিউল হুসাইন, হাসি আলমসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত শিশুরা ধর্ষণ ও হত্যার শিকার হলেও এ বিষয়ে কার্যকর প্রতিরোধ ও দ্রুত বিচার নিশ্চিত করা যাচ্ছে না। তারা অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিরতা ও পারস্পরিক বিরোধে ব্যস্ত থাকার কারণে শিশুদের নিরাপত্তার বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
বক্তারা আরও বলেন, গত প্রায় দেড় বছরে দেশে শত শত শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে দেশের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
সভায় বক্তারা বলেন, বর্তমানে শিশুরা কোথাও নিরাপদ নয়। তাই সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে কোনো পরিবার সন্তানদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে না থাকে।
এসময় বক্তারা রামিসা হত্যার ঘটনায় প্রধানমন্ত্রীর দেওয়া দ্রুত বিচারের আশ্বাস বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি শুধু আলোচিত ঘটনার পর নয়, বরং আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন