সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল থেকে এসব গ্রামের হানাফি রা: মাযহাবের অনুসারীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করছেন।
সকাল ৮টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকার গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে পুরুষ, নারী ও শিশুসহ প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন হাফেজ ওমর ফারুক।
নামাজ শেষে ইমাম হাফেজ ওমর ফারুক বলেন, আমরা কোনো নির্দিষ্ট দেশকে অন্ধভাবে অনুকরণ করছি না বরং সহি হাদিসের নির্দেশনা অনুসরণ করে আজ ঈদুল আজহা উদযাপন করছি। গত ১০ বছর ধরে আমরা এই নিয়মেই উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করে আসছি।
গিরদান মসজিদ কমিটির সভাপতি খন্দকার রিয়াজউদ্দিন জানান, মসজিদটি প্রতিষ্ঠার পর থেকেই তারা বৈশ্বিক চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ উদযাপন করছেন। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে একটিই চাঁদ ও সূর্য সৃষ্টি করেছেন। তাই বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে, সেই হিসাব অনুযায়ী আমরা ঈদ পালন করি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সনমান্দির বাংলাবাজার ছাড়াও উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সাদিপুর ইউনিয়নের গণকবাড়ী, পশ্চিম গজারিয়াপাড়া, রতন মার্কেট, হলদাবাড়ি, দক্ষিণ গজারিয়াপাড়া, কোনাবাড়ি উত্তরপাড়া, কোনাবাড়ি, লস্করবাড়ি দক্ষিণপাড়া, গণকবাড়ি দক্ষিণপাড়া, কোনাবাড়ি পশ্চিম পাড়া, হাতুরাপাড়া, সাদিপুর বড় বাড়ি ও পূর্ব গজারিয়াপাড়া; বারদী ইউনিয়নের চান্দেরপাড়া এবং জামপুর ইউনিয়নের আমগাঁও, বাসাবো, মুছারচর মধ্যপাড়া, বস্তল মধ্যপাড়া ও শামপুর কলতাপাড়া গ্রামে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত আদায় করা হয়েছে।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং পরে মুসল্লিরা পারস্পরিক কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন