সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সন্ধ্যা নামার পর আমাদের কলিজা শুকিয়ে যায়। কখন যে কার ওপর হামলা হয় সবসময় ভয়ে থাকি। এমন অভিযোগ তুলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ষোল্লপাড়া গ্রামে মাদক, ছিনতাইসহ ক্রমবর্ধমান অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১৫ মে ২০২৬) বাদ আসর ষোল্লপাড়া শাহী জামে মসজিদের সামনে এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে গ্রামের বিপুল সংখ্যক সাধারণ মানুষ এতে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল মসজিদের সামনে থেকে শুরু হয়ে ভট্রপুর এলাকায় গিয়ে শেষ হয়। মানববন্ধনে অংশ নেওয়া শতাধিক মানুষ দ্রুত মাদক কারবারি ও ছিনতাইকারীদের গ্রেফতারের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া একাধিক নারী ও ভুক্তভোগীরা জানান, এলাকাটি ভৌগোলিক দিক থেকে কিছুটা নিরিবিলি এবং জনবসতি তুলনামূলক কম। এই সুযোগটিকে কাজে লাগিয়ে বহিরাগত ও স্থানীয় অপরাধী চক্র এলাকাটিকে মাদক সেবন, বিক্রি ও ছিনতাইয়ের নিরাপদ আস্তানায় পরিণত করেছে।
প্রতিনিয়ত ঘটে যাওয়া এসব অপরাধের কারণে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় প্রবীণ বাসিন্দা জমির আলী বলেন, আমাদের চারপাশেই লিচু বাগান। জনবসতি কম হওয়ার কারণে মাদকসেবী আর মাদক কারবারিরা এটাকে অভয়ারণ্য বানিয়ে ফেলেছে। দিন দিন অপরাধ যেভাবে বাড়ছে, তাতে আমরা পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বসবাস করতে পারছি না।
তরুণ উদ্যোক্তা বাবুল বলেন, ষোল্লপাড়া, বালুয়াদিঘীরপাড় ও গাবতলী সংযোগ সড়কের ব্রিজ এলাকায় নিয়মিত মাদকের বড় বড় লেনদেন হয়। শুধু মাদকই নয়, এই নির্জন সড়কগুলোতে ওত পেতে থাকে ছিনতাইকারীরা। প্রায়শই ইজিবাইক-অটোরিকশা ছিনতাই, অস্ত্রের মুখে পথচারীদের জিম্মি করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, এলাকায় কিছু চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী রয়েছে, যাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একাধিক লিখিত অভিযোগও রয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে তারা এখনো অধরাই থেকে গেছে। এদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করলেই কেবল এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরবে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সারোয়ার বলেন, মাদক কারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধ দমনে এবং ষোল্লপাড়াসহ পুরো এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। দ্রুতই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন