সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকেমডেল হাসপাতালে রূপান্তর করা হবে : এমপি মান্নান - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকেমডেল হাসপাতালে রূপান্তর করা হবে : এমপি মান্নান



 



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের ত্রুটি বা অবহেলা ভবিষ্যতে আর বরদাশত করা হবে না।


​বুধবার (৮ এপ্রিল) দুপুরে ব্যক্তিগত অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ওষুধ বিতরণকালে এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।


​সংসদ সদস্য মান্নান তার বক্তব্যে হাসপাতালের অতীত অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত বছরগুলোতে এই হাসপাতালের নাজুক অবস্থা সোনারগাঁবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছে। আমার নিজের আপন ভাই এই হাসপাতাল থেকে যথাযথ চিকিৎসা না পেয়ে মারা গেছেন, যা আমার জীবনের অন্যতম এক বেদনাদায়ক স্মৃতি। আমি চাই না আর কোনো পরিবার এমন কষ্টের শিকার হোক।


​তিনি আরও বলেন, হাসপাতালে জরুরি ওষুধের অভাবে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে শুনে আমি ব্যক্তিগত উদ্যোগে ওষুধ নিয়ে এসেছি। আমি চাই সোনারগাঁয়ের মানুষকে যেন উন্নত চিকিৎসার জন্য আর ঢাকা ছুটতে না হয়। তারা যেন নিজ এলাকাতেই মানসম্মত সেবা পায়। এই হাসপাতালকে একটি কার্যকর ২৪ ঘণ্টা সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।


​কর্তব্যরতদের সতর্ক করে এমপি মান্নান বলেন, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে সেবা দিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


​হাসপাতালের আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানান, পুরোনো ভবন সংস্কার, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ পাঠানো হয়েছে। খুব দ্রুতই এসব উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


​ওষুধ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মোতালেব মিয়া।


​এছাড়াও উপস্থিত ছিলেন আতাউর রহমান প্রধান, সেলিম হোসেন দিপু, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, হারুন অর রশিদ মিঠু, রুবেল হোসাইন, কাউসার আহমেদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages