সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিতাস গ্যাসের মূল লাইন থেকে নেওয়া বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৫টি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি একটি রেস্তোরাঁকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভা ও পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহীদ।
পিরোজপুর ইউনিয়নের মুজাফ্ফর আলী ফাউন্ডেশনের পাশে ২টি, সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় ২টি এবং দৌলেরবাগ এলাকার ১টি চুনা কারখানার ভাট্টি ও স্থাপনা এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে ব্যবহৃত প্রায় সারে ১১শ ফুট গ্যাস পাইপ জব্দ করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের মতে, এই কারখানাগুলো প্রতিদিন প্রায় ৫৬ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিল, যার ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।
অভিযান চলাকালে পিরোজপুর এলাকার হিরাঝিল হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টে তল্লাশি চালানো হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে হোটেলের মালিক আল আমিনকে ২৫ হাজার টাকা এবং তার সহযোগী দুলাল মিয়াকে এক হাজার টাকা সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ জানান : এই চক্রটি অত্যন্ত প্রভাবশালী। এর আগেও তিতাস কর্তৃপক্ষ এখানে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেছিল, কিন্তু পরদিনই তারা পুনরায় অবৈধ সংযোগ দিয়ে কার্যক্রম শুরু করে। তিনি বলেন, সরকারি সম্পদ রক্ষায় আমাদের এই কঠোর অবস্থান। অবৈধ সংযোগকারীরা অভিযানের সময় পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি, তবে এই উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, সোনারগাঁ থানা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন