সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের কাঁচপুরে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্বঢাল এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ সরকারের এই বিশেষ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, বায়ুদূষণ রোধ ও সবুজায়ন বৃদ্ধি এখন সময়ের দাবি। সরকার যে বৃহৎ উদ্যোগ নিয়েছে, তা সফল হলে দেশে পরিবেশগত বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, রোপণকৃত চারাগাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। বিশেষ করে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যে গাছগুলো রোপণ করছি, সেগুলো যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। গাছের পরিচর্যা ও সুরক্ষায় সবাইকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে কঠোর নির্দেশনা দেন এমপি মান্নান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, মহাসড়কের যানজট নিরসন ও সৌন্দর্য বর্ধনে কোনো আপস করা হবে না। মহাসড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সকল পরিবহন টিকিট কাউন্টার দ্রুততম সময়ের মধ্যে নবনির্মিত বাস টার্মিনালে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এ সংসদ সদস্য বলেন, আমরা যেসব বৃক্ষ রোপণ করছি, তা যেন কোনো অবস্থাতেই কেউ নষ্ট করতে না পারে সেদিকে সবাই লক্ষ্য রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন