সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর এলাকায় এক উৎসবমুখর পরিবেশে ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে আধুনিক অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। নতুন এই ভবন শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও যুগোপযোগী পরিবেশ নিশ্চিত করবে, যা তাদের মেধা বিকাশে সহায়ক হবে। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার এবং দেশের প্রতিটি প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। শুধুমাত্র শিক্ষকদের ওপর নির্ভর করলে চলবে না, অভিভাবকদেরও নিয়মিত তদারকি করতে হবে। সন্তানরা নিয়মিত পড়ালেখা করছে কি না এবং তাদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার বিষয়ে সজাগ থাকা আপনাদের দায়িত্ব এবং আদর্শ নাগরিক গড়তে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন ভবন পাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বজায় রাখতে স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন