এমপি মান্নানের নির্দেশে অপরাধ ও যানজটমুক্ত হচ্ছে মোগরাপাড়া চৌরাস্তা - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

এমপি মান্নানের নির্দেশে অপরাধ ও যানজটমুক্ত হচ্ছে মোগরাপাড়া চৌরাস্তা





সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পয়েন্ট নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও অব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফুটপাত দখল করে হকারদের অবাধ ব্যবসা, যানজট, চুরি-ছিনতাই ও দুর্ঘটনার ঝুঁকি। সব মিলিয়ে সাধারণ মানুষের চলাচল হয়ে উঠেছে চরম দুর্বিষহ।


এই প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে মোগরাপাড়া চৌরাস্তা স্থায়ীভাবে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত একটি রেস্টুরেন্টে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হকারদের উচ্ছেদ নয়, বরং তাদের বিকল্প জীবিকার ব্যবস্থা নিশ্চিত করে পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব পায়।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। সভায় মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি দল, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


আলোচনায় উঠে আসে ফুটপাত দখলমুক্ত করা হলেও হকারদের জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এজন্য চৌরাস্তার পাশেই একটি অস্থায়ী বাজার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে হকারদের সুশৃঙ্খলভাবে ব্যবসার সুযোগ দেওয়া হবে।


বক্তারা বলেন, ফুটপাত দখলমুক্ত হলে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে, কমবে যানজট, পাশাপাশি অপরাধ কর্মকাণ্ডও নিয়ন্ত্রণে আসবে। এতে করে মোগরাপাড়া চৌরাস্তার সামগ্রিক পরিবেশ ও সৌন্দর্যও বৃদ্ধি পাবে।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই এ পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হবে। তবে সফল বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণের সহযোগিতাও অপরিহার্য বলে উল্লেখ করা হয়।


সভায় উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, হিরু আহমেদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, কৃষকদলের বাবুল মিয়া, যুবদল নেতা রাকিব হাসান,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সাধারণ জনগণের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের যানজট ও ভোগান্তির অবসান ঘটবে এবং মোগরাপাড়া চৌরাস্তা ফিরে পাবে তার স্বাভাবিক ছন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages