সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্থানীয় মুসল্লি ও রোজাদারদের সম্মানে দোয়া, ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এ মাহফিল আয়োজিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান। যুবদল নেতা রাকিব হাসান ও মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাস আমাদের শেখায় কীভাবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হয়। আমি সবসময় মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই।
নির্বাচনী প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিল আমার উদ্দেশ্য নয় বরং মানুষের কল্যাণ ও অবহেলিত মোগরাপাড়া এলাকার সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। আগামী দিনেও আমি আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই।
এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, ইউপি সদস্য তুষার হোসেন আবুল, ইমদাদ প্রধান, জাহাঙ্গীর হোসেন, শামসুল হক শাফা, সাবেক ইউপি সদস্য মাজারুল ইসলাম মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-কল্যাণ কামনায় দোয়া করা হয় এবং উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন