সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত (বুধবার) আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বাজারের একটি বন্ধ দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। দোকানে থাকা একাধিক গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হওয়ায় আগুনের তীব্রতা আরও বেড়ে যায় এবং পার্শ্ববর্তী দোকানগুলোতে দ্রুত সংক্রমণ ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোতালেব মিয়া, নাসির উদ্দিন ও আলী হোসেন জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। আগুনের সংবাদ পেয়ে বাজারে এসে দেখেন তাদের সারাজীবনের উপার্জিত সব মালামাল চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোর আসবাবপত্র ও মালামালসহ ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।
আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই এলাকাবাসীর প্রায় এক ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভানোর সময় হুড়োহুড়ি ও আগুনের তাপে অন্তত পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে দোকানে মজুত থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ অগ্নিকাণ্ডকে আরও ভয়াবহ করে তোলে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন