সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আবারও কঠোর অবস্থানে নেমেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিচালিত এক বিশেষ মোবাইল কোর্ট অভিযানে উপজেলার তিনটি অবৈধ চুন কারখানা উচ্ছেদ করে গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় -এর নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, উপজেলার দত্তপাড়া, আদমপুর ও আষাঢ়িয়ার চর এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুন উৎপাদন করে আসছিল।
অভিযান চলাকালে এক্সক্যাভেটরের (ভেকু) সাহায্যে কারখানার অবৈধ স্থাপনা ও চুল্লিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। একইসাথে চুন তৈরির ছয়টি ভাট্টিতে থাকা অবৈধ গ্যাস সংযোগগুলো স্থায়ীভাবে অপসারিত করা হয়।
তিতাস গ্যাসের হিসাব অনুযায়ী, উচ্ছেদকৃত ছয়টি ভাট্টিতে প্রতি ঘণ্টায় প্রায় ১২,০০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহৃত হচ্ছিল। এই সংযোগগুলো বিচ্ছিন্ন করার ফলে সরকারের দৈনিক আনুমানিক ২,৪৪,০০০ টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হবে। সংশ্লিষ্টরা বলছেন, এ পরিসংখ্যানই প্রমাণ করে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা কীভাবে দেশের অর্থনীতির ক্ষতি করছিল।
অভিযান চলাকালে কারখানা মালিক বা দায়িত্বরত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে তিতাস কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। অবৈধ সংযোগকারীদের শনাক্ত করে নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন