সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কুরিয়ার সার্ভিসের আড়ালে ভারতীয় বিস্ফোরক ও চোরাচালান পণ্যের একটি বড় চালান উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কাভার্ড ভ্যানের চালক মো. আকরাম (৩৫) এবং হেলপার মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫)।
র্যাব-১১ জানায়, বুধবার (২৮ জানুয়ারি) ভোর রাতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান থামানোর সংকেত দেওয়া হয়।
সংকেত পেয়ে চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় কাভার্ড ভ্যানটি তল্লাশি করা হয়। তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় বিস্ফোরক ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৯৬ হাজার ৬৫০ পিস বিভিন্ন ধরনের বিস্ফোরক ও আতশবাজি। এছাড়া বিপুল পরিমাণ চকলেট, হেয়ার অয়েল, মেহেদি, কসমেটিকস, আগরবাতিসহ মোট ১৩ ধরনের ভারতীয় ভোগ্যপণ্য পাওয়া যায়। এসব পণ্যের বিপরীতে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি গ্রেপ্তারকৃতরা।
র্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত থেকে কুরিয়ার ব্যবসার আড়ালে ভারত থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে এসব চোরাচালান পণ্য বাংলাদেশে এনে বিক্রি করে আসছিলেন।
নারায়ণগঞ্জ র্যাব-১১ কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, জব্দকৃত মালামালসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন