সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক ইউপি সদস্য ও আওয়ামী লীগের সক্রিয় নেতা রমজান আলীর বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুশীল সমাজ ও স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, ছাত্রহত্যাসহ একাধিক মামলায় অভিযুক্ত রমজান আলী আওয়ামী লীগ সরকারের সময় নানা অপকর্মে জড়িত ছিলেন। সে সময় তার কর্মকাণ্ডে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয় এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয় বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে রমজান আলী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দলে যোগদানের চেষ্টা করছেন এবং এ উদ্দেশ্যে স্থানীয় প্রভাবশালী নেতাদের সান্নিধ্যে ঘোরাফেরা করছেন। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে গোপনে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছেন বলেও দাবি করেছেন স্থানীয়রা।
সাদিপুর ইউনিয়নের একাধিক গ্রামবাসী জানান, একাধিক মামলার আসামি হয়েও সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এটা আমাদের জন্য আতঙ্কের। তার অতীত কর্মকাণ্ড আমরা ভুলিনি। নির্বাচন এলেই সে এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করে।
আরেক স্থানীয় বাসিন্দা বলেন, আইন সবার জন্য সমান হলে এমন একজন ব্যক্তি এভাবে প্রকাশ্যে চলাফেরা করতে পারে না। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরাও উদ্বেগ প্রকাশ করে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়ের কারণে আইনের বাইরে রাখা হলে তা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।স্থানীয় প্রশাসনকে অনুরোধ করবো এমন সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন