সোনারগাঁয়ে ঘুমন্ত ১৩ বছরের কিশোরীকে হত্যার চেষ্টার অভিযোগ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে ঘুমন্ত ১৩ বছরের কিশোরীকে হত্যার চেষ্টার অভিযোগ


 

​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় ১৩ বছরের এক কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। মারাত্মক দগ্ধ অবস্থায় বর্তমানে ওই কিশোরী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।


​এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


​পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা রওশন আরার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সোনিয়া আক্তারসহ অন্যান্যদের জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে অভিযুক্তরা প্রায়ই ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিল।


​গত ২৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক দুইটার দিকে রওশন আরা ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। বাড়ি ফাঁকা থাকার সুযোগে অভিযুক্তরা কৌশলে তাদের বসতঘরে প্রবেশ করে। এ সময় শয়নকক্ষের বিছানায় ঘুমিয়ে থাকা ১৩ বছরের শিশু কন্যা আফরিন আক্তারকে হত্যার উদ্দেশ্যে ১ নম্বর অভিযুক্ত সোনিয়া আক্তার তার গায়ে গরম পানি ছুড়ে মারে। এতে শিশুটির কোমরসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঝলসে গিয়ে গুরুতর জখম হয়।


​শিশুর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন।


​মেয়ের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে থানায় এসে আইনি পদক্ষেপ নেন ভুক্তভোগী কিশোরীর মা রওশন আরা।


​এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন,  সোনিয়া আক্তার (৩৫), স্বামী: জাকির হোসেন; মো. মোস্তফা (৪৫), পিতা: মো. বিল্লাল; শিলা আক্তার (৪০), স্বামী: মো. মোস্তফা এবং জাকির হোসেন (৩৮), পিতা: রহম আলী; যাদের সকলের বাড়ি সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায়। 


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় অভিযোগ  করেছেন।  তদন্ত চলছে। ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages