সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ষোল্লপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে ইউএস বাংলা মেডিকেল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
আয়োজকদের সূত্রে জানা যায়, ষোল্লপাড়া ও সোনারগাঁ পৌরসভার বিভিন্ন এলাকার নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ বিপুল সংখ্যক মানুষ এ চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্বাস্থ্যসেবার পাশাপাশি রোগীদের মাঝে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়।
স্থানীয়দের মতে, ষোল পাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছে।
বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সংগঠনটির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন ধরনের পরামর্শ, সহযোগিতা ও পুনর্বাসনমূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও জানা গেছে।
এ বিষয়ে মানবকল্যাণ সংগঠনের ইঞ্জিনিয়ার মো. বাবুল মোল্লা বলেন, আমি এই গ্রামের সন্তান। আমাদের এলাকায় শিক্ষার হার তুলনামূলক কম হওয়ায় অনেক তরুণ-যুবক অল্প বয়সেই মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে আমরা মানবকল্যাণ সংগঠনের মাধ্যমে খেলাধুলা, শিক্ষা, ভ্রমণ, সামাজিক ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যে ইতিবাচক ফলাফল পাচ্ছি। যুবসমাজের পাশাপাশি এলাকাবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, সুস্থ সমাজ গঠনে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও মানবকল্যাণ সংগঠন এলাকার মানুষের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করে যাবে।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ষোল্লপাড়া মানবকল্যাণ সংগঠন। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন সংগঠনের প্রবাসী সদস্য এবং রাজু, রনি,শাকিল,শরীফ, শাহাদাত, রিয়াদ,সাকিব,মঈনুল, জনি,আমজাদ, আবির, নিঝুমসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন