সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘আল মদিনা শপিংমলে’ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শপিংমলটির বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শপিংমলের বেইসমেন্ট থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন ছড়াতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তথ্য পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার তীব্র চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।
সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে শপিংমলের বেইসমেন্টের বৈদ্যুতিক মিটার ও অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও চূড়ান্ত ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত চলছে।
এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও সন্দেহের সৃষ্টি হয়েছে। কয়েকজন দোকান মালিকের অভিযোগ, এটি সাধারণ কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, সম্প্রতি শপিংমলের কিছু ব্যবসায়ীকে দোকান ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশ পাওয়ার মাত্র একদিন পরই এই রহস্যজনক আগুনের ঘটনা ঘটলো।
ব্যবসায়ীদের অভিযোগ মার্কেট থেকে তাদের জোরপূর্বক উচ্ছেদ করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়ে থাকতে পারে।
ব্যবসায়ীদের এমন গুরুতর অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন শপিংমলের মালিক মাজারুল ইসলাম নবী। তিনি দাবি করেন, এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র নেই এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস ও প্রশাসনের তদন্ত শেষ হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি জানান।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার আসল রহস্য উদঘাটনে তাদের তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন