সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনের অভিযোগে ফয়জুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার বাসিন্দা ফোছন আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, মাদকাসক্ত থেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে ফয়জুল মিয়াকে কিছুদিন আগে এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। ঈদের পরদিন তার স্ত্রী মাসুদা বেগম স্বামীর জন্য খাবার নিয়ে কেন্দ্রে দেখতে গিয়েছিলেন। বুধবার রাতে হঠাৎ স্বামীর অসুস্থতার খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে তিনি ফয়জুল মিয়াকে মৃত অবস্থায় দেখতে পান। তবে এ নির্যাতনের শিকার প্রায় আরও ১৫/২০ জন জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছেন৷ তাদের মধ্যে কয়েকজন সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে৷
নিহতের স্ত্রী মাসুদা বেগম অভিযোগ করে বলেন, নিরাময় কেন্দ্রের কর্মীদের নির্যাতনের কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্টরা মরদেহ হাসপাতালে রেখে কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ কেন্দ্রটিতে অভিযান চালায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনার পর পুলিশ নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন