সোনারগাঁয়ে আমান সিমেন্টে এলাকাবাসীর মানববন্ধন: হামলা ও ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সোনারগাঁয়ে আমান সিমেন্টে এলাকাবাসীর মানববন্ধন: হামলা ও ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে আমান সিমেন্ট কারখানার দূষণ ও ভূকম্পনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে কারখানা এলাকা। স্থানীয় বাসিন্দারা পরিবেশ দূষণের অভিযোগে বিক্ষোভ করলেও, কোম্পানি কর্তৃপক্ষের দাবি আন্দোলনের আড়ালে পরিকল্পিত হামলা ও লুটপাট ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। 


মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ইউনিয়নের উলুকান্দি এলাকায় কোম্পানির মেইন গেইটের সামনে অবস্থান নিয়ে কয়েকটি গ্রামের বাসিন্দারা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এতে বারদী থেকে চৌরাস্তা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।


কোম্পানি কর্তৃপক্ষের অভিযোগ, মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ জনতা মূল গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যানার, চেয়ারসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এ সময় অফিসের কম্পিউটার, মোবাইল ফোন ও সিসি ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করেন তারা। হামলার মুখে কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তার জন্য অফিস ত্যাগ করতে বাধ্য হন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ থানা পুলিশ ও শিল্প পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।


কোম্পানি কর্তৃপক্ষের দাবি, ইউনিয়নের গাজী আওলাদ, মজিবুর রহমান ও দিলারা বেগমের নেতৃত্বে একটি পক্ষ ব্যবসায়িক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।


অন্যদিকে মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন গাজী আওলাদ। তিনি বলেন, আমান গ্রুপের শব্দ দূষণ ও ভূকম্পনের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। বিশেষ করে রমজান মাসে এ দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বাধ্য হয়েই এলাকাবাসী আন্দোলনে নেমেছে।


এ বিষয়ে আমান সিমেন্ট কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জমান বলেন, সকল নিয়ম-কানুন মেনেই কোম্পানির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্ষমতার পট পরিবর্তনের পর একটি মহল নিজেদের ব্যবসায়িক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আন্দোলন উসকে দিচ্ছে। তারা কোম্পানির সম্পদ ভাঙচুর ও লুট করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ জানান, আমান সিমেন্টে ভাংচুরের পর আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। কোম্পানি কতৃপক্ষের কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages