সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্ত্রের মুখে যুবককে অপহরণের রুদ্ধশ্বাস ঘটনায় দেশীয় পিস্তল ও গুলিসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে অপহৃত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অপহরণ ও অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় আরব আমিরাত মোবিল কোম্পানির বালুর মাঠে এই অভিযান চালানো হয়। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মধুপুর ভট গ্রামের সামিন ইসলাম নামের এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে একটি চক্র। পরে তার পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনাটি জানার পরপরই সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহর নেতৃত্বে একটি চৌকস দল অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে রোহান ও সবুজ নামে দুই অপহরণকারীকে আটক করা হয়। আটককৃত রোহান কোবাগা গ্রামের আজিজুল হকের ছেলে এবং সবুজ একই এলাকার জাফর মিয়ার ছেলে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে: ১টি একনালা দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গোপন আস্তানা থেকে অপহৃত সামিন ইসলামকে উদ্ধার করে পুলিশ। তবে অভিযানের সময় অপহরণকারীদের অন্য সহযোগীরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
(৩১ জানুয়ারী) সকালে তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় সংশ্লিষ্ট আইনে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মো: মহিববুল্লাহ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অত্যন্ত দ্রুততার সাথে অভিযানটি পরিচালনা করা হয়েছে। আমরা অপহৃত যুবককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং দুইজনকে হাতেনাতে অস্ত্রসহ গ্রেফতার করেছি। পালিয়ে যাওয়া বাকি আসামিদের গ্রেফতারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, পুলিশের এই দ্রুত ও সাহসী অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সময়মতো পুলিশের হস্তক্ষেপ না হলে বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কা ছিল।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন