সোনারগাঁয়ে ৩ অবৈধ চুন কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, মালিকের কারাদণ্ড - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সোনারগাঁয়ে ৩ অবৈধ চুন কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, মালিকের কারাদণ্ড


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ কারখানাগুলো এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ । এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে এক কারখানা মালিককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


​বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার দিঘিরপাড়, পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এবং সোনারগাঁ জাদুঘর সংলগ্ন ইছাপাড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।


​নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


অভিযানকালে ইছাপাড়া এলাকার মেসার্স প্রান্ত ট্রেডার্স নামের একটি অবৈধ চুন কারখানায় গ্যাস চুরির হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। পরে কারখানার মালিক মো. আবু বক্কর (২৬)-কে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ -এর ১২(১) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


​তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দিঘিরপাড় এলাকা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোজাফফর আলী ফাউন্ডেশনের পেছনে এবং মহাসড়ক সংলগ্ন একটি জঙ্গলে গড়ে ওঠা অবৈধ চুন কারখানাগুলোতে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করার পাশাপাশি এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।


 তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের মেঘনা জোনের ম্যানেজার সুরজিত সাহা বলেন, একটি চক্র সরকারের মূল্যবান প্রাকৃতিক গ্যাস অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে চুরি করে এসব চুন কারখানা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা আজ ৩টি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং ভেকু দিয়ে সেগুলো গুঁড়িয়ে দিয়েছি।


​তিনি আরও বলেন, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যারা এই জাতীয় সম্পদ চুরি করছে, তাদের বিরুদ্ধে আমাদের এই কঠোর ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


​অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে তিতাস গ্যাসের কারিগরি টিমের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages