সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি সম্পদ রক্ষায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনব্যাপী পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি অবৈধ ঢালাই কারখানা ও একটি হোটেলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের কারিগরি দল অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
অভিযান চলাকালীন একটি নামবিহীন হোটেলের ২টি বার্নারসহ ১০ ফুট পাইপ ও রেগুলেটর জব্দ করা হয়। এছাড়া একটি ঢালাই কারখানার ভাট্টি উচ্ছেদসহ ২০ ফুট এমএস পাইপ এবং ৬টি মোল্ডিং ছাঁচ জব্দ করা হয়। অন্য একটি কারখানা থেকে ভাট্টি বিচ্ছিন্ন করার পাশাপাশি ১টি জেনারেটর, এয়ার ব্লোয়ার ও ফ্যান জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
তিতাস গ্যাসের কারিগরি তথ্য অনুযায়ী, এই উচ্ছেদ অভিযানের ফলে প্রতি ঘণ্টায় মোট ৩০৯০ ঘনফুট গ্যাস লোড সাশ্রয় করা সম্ভব হয়েছে। এর মধ্যে শুধু তিনটি কারখানা থেকেই প্রতি ঘণ্টায় ৩,০০০ ঘনফুট গ্যাস চুরি হচ্ছিল। আর্থিক হিসেবে প্রতিদিন প্রায় ৬৩,০০০ টাকার সমপরিমাণ রাষ্ট্রীয় সম্পদ অপচয় রোধ করা হয়েছে।
তিতাস কর্তৃপক্ষ জানায়, কারখানাগুলো কোনো প্রকার অনুমোদন ছাড়াই উচ্চক্ষমতাসম্পন্ন বার্নার ব্যবহার করে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। পুনরায় যাতে সংযোগ স্থাপন করতে না পারে, সেজন্য উৎসমুখগুলোতে কিলিং ও ক্যাপিং করে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা জানান, অভিযানের সময় কারখানার স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হলেও মালিকপক্ষ পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে জেল বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে সরকারি সম্পদ রক্ষায় ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও কঠোর ও জোরদার করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন